
দিনাজপুরের হিলিতে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। সেই সঙ্গে কমতে শুরু করেছে অন্য সবজিরও দাম। ফলে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।
বুধবার (১৭ নভেম্বর) দুপুরে সরেজমিন ঘুরে এই তথ্য জানা যায়।
জানা গেছে, সবচেয়ে বেশি কমেছে শিমের দাম। এক সপ্তাহ ব্যবধানে ১শ, টাকার স্থলে ৪৫ টাকা কেজি দরে শিম বিক্রি হচ্ছে। বাঁধাকপি ৫০ টাকার স্থলে ২৫ টাকায়, বেগুন ৪০ টাকায় পরিবর্তে ৩০ টাকায়, টমেটো ১৮০ টাকার স্থলে ১২০ টাকা, মূলা ৩০ টাকার পরিবর্তে ২০ টাকা, পটল ৬০ টাকার পরিবর্তে ৪০ টাকা। তবে গাজর ও বরবটির দাম অপরিবর্তিত রয়েছে।
সবজি ক্রেতা আরমান হোসেন আরটিভি নিউজকে জানান, কয়েকদিন আগে সবজির দাম অনেক বেশি ছিল। আজ বাজারে এসে দেখি দাম কমেছে। তাই একটু বেশি করেই সবজি কিনলাম।
হিলি বাজারের সবজি বিক্রেতা কোরবান আলী আরটিভি নিউজকে জানান, বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় প্রতিটি সবজি দাম প্রায় অর্ধেক নেমে এসেছে। আর কিছুদিন গেলে আরও দাম কমবে।
জিএম




