
টানা ১৮ দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এমবিবিএস ৬২তম ব্যাচের শিক্ষার্থী আকিব হোসেন। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ছাড়পত্র নিয়ে আকিবের পরিবারের কাছে তাকে তুলে দেওয়া হয়।
চমেক হাসপাতালের অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার আরটিভি নিউজকে জানিয়েছেন, আকিব সুস্থ থাকায় সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি পাঠানো হয়েছে। কুমিল্লার স্কুলশিক্ষক গোলাম ফারুক মজুমদারের দুই সন্তানের মধ্যে মাহাদী জে আকিব (২১) ছোট। তিনি চমেক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে তার মাথার খুলির হাড় ভেঙে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। তার মাথায় অস্ত্রোপচার করে খুলির একটি অংশ খুলে ফেলে চমেক চিকিৎসকরা। পরে সাদা ব্যান্ডেজের ওপর কলম দিয়ে একটি বিপজ্জনক চিহ্ন এঁকে দিয়ে ‘হাড় নেই, চাপ দেবেন না’ লেখাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন হয়।
এমআই/টিআই




