
নোয়াখালীতে পৌর নির্বাচনে প্রথমবারের মতো সংযুক্ত হলো অত্যাধুনিক ‘বডি ওর্ন ক্যামেরা’ (বডি ক্যাম)। রোববার (২৮ নভেম্বর) জেলার সেনবাগ পৌরসভা নির্বাচনে দায়িত্বরত পুলিশ পরিদর্শকদের পোশাকের সঙ্গে এই ক্যামেরা সংযুক্ত থাকছে। নোয়াখালী পুলিশ (এসপি) মো. শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শরীরে থাকা ইউনিফর্মের সঙ্গে এ ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। সেনবাগ পৌরসভা নির্বাচনে নোয়াখালী পুলিশ বাহিনী ব্যবহার করছে অত্যাধুনিক ‘বডি ওর্ন’ ক্যামেরা প্রযুক্তি। পুলিশের কাজের সচ্ছতা, জবাবদিহিতা ও কাজে গতিশীলতা আরও বাড়ানোর লক্ষ্যে চালু হলো এই বডি ওর্ন ক্যামেরা। এখন থেকে পুলিশের ডিউটিকালে তাদের বডিতে থাকবে এই ক্যামেরা। ডিউটিরত অবস্থায় পুলিশের কাজের সচ্ছতা নিশ্চিত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগ বাংলাদেশকে ডিজিটালাইজেশনের পথে আরও এক ধাপ এগিয়ে নিবে। এসপি শহীদুল ইসলাম আরও বলেন, প্রতিটি ক্যামেরাই ৪০ মেগা পিক্সেলের। এটি একবার চার্জ দিয়ে ১২ ঘণ্টার অধিক সময় ফুল এইচডি (হাই ডেফিনেশন) ভিডিও রেকর্ডিং করা যাবে। ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যাবে, ওয়াইফাই এবং থ্রিজি, ফোরজি ও জিপিএস নেটওয়ার্ক প্রযুক্তির মাধ্যমে সরাসরি যেকোনো স্থানে বসেই সবকিছু তদারকি করা যাবে। এ ছাড়া ‘বডি ওর্ন’ ক্যামেরায় সহজেই অডিও ধারণসহ স্টিল ছবিও ক্যাপচার করা যায়। জিপিএস প্রযুক্তির মাধ্যমে যেকোনো স্থানে বসেই ক্যামেরার সবকিছু তদারকি করা যাবে।
প্রসঙ্গত, তৃতীয় ধাপে আজ রোববার (২৮ নভেম্বর) সেনবাগ পৌরসভার ৯টি কেন্দ্রে এবং ৫টি ইউনিয়নের মোট ৫০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সেনবাগ পৌরসভার ৯টি ও ছাতারপাইয়া ইউনিয়নের নয়টিসহ মোট ১৮টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় ৫৯টি নির্বাচনীকেন্দ্রে ২৯৮ জন পুলিশ, ১৯টি মোবাইল টিম, সাতটি স্ট্রাইকিং ফোর্স, সাতটি স্পেশাল স্ট্রাইকিং ফোর্স, জেলা গোয়েন্দা শাখার চারটি টিম, পাঁচটি চেকপোস্ট এবং চারটি স্ট্যান্ড বাই টিম, ওসিদের একটি টিম এবং সিনিয়র অফিসারদের পাঁচটি টিমে মোট ৬৫৬ জন পুলিশ কর্মকর্তা নিযুক্ত রয়েছে।
এ ছাড়া ৯২৯ জন আনসার, র্যাবের ৩৭ জন এবং বিজিবির ৮৩ জন সদস্য একযোগে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে।
টিআই




