রাঙামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

রাঙামাটির সদর উপজেলাধীন বন্দুকভাঙ্গার কিচিং আদম এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আবিষ্কার চাকমা (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আবিষ্কার বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের সিজক এলাকার মিন্টু চাকমার ছেলে। মঙ্গলবার (৩০ নভেম্বর) ভোরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবিষ্কার চাকমা সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সশস্ত্র নেতা হিসেবে এলাকায় পরিচিত। বিগত সময়ে বাঘাইছড়ি এলাকার দায়িত্বে থাকলেও সম্প্রতি আবিষ্কার চাকমা রাঙামাটির লংগদু, নানিয়ারচর ও সুবলংয়ের দায়িত্ব পালন করছিলেন। বন্দুকভাঙ্গা ইউনিয়নের কিচিং আদম এলাকায় তার অবস্থানের খবর জানতে পেরে প্রতিপক্ষ গ্রুপ হামলা চালিয়ে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে আরটিভি নিউজকে জানিয়েছেন, ঘটনাস্থল দুর্গম এলাকায়। মরদেহ উদ্ধারে পুলিশ ঘটনাস্থল পৌঁছেছে। নিহতের রাজনৈতিক পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বন্দুকভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরুণ কান্তি চাকমা আরটিভি নিউজকে জানিয়েছেন, বন্দুকভাঙ্গায় আবিষ্কার চাকমা নামে একজন নিহতের খবর পাওয়া গেছে।
এমআই/টিআই




