
মাদারীপুরে ইউপি নির্বাচনে ভোট না দেওয়ায় বীর মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে পরাজিত চেয়ারম্যানের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। গতকাল সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত বীর মুক্তিযোদ্ধা সুলতান আহম্মেদ মাতুব্বরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা আরটিভি নিউজকে জানিয়েছেন, গত ২৮ নভেম্বর মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে টেলিফোন প্রতীক নিয়ে অমিত হোসেন কবির বিজয়ী হয়।
অন্যদিকে ঘোড়া প্রতীক নিয়ে ইসমাইল মাতুব্বর পরাজিত হন। এরই জেরে সোমবার সন্ধ্যায় স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর ছেলে বেলায়েত মাতুব্বর দলবল নিয়ে মুক্তিযোদ্ধা সুলতান আহম্মেদ মাতুব্বরের ওপর হামলা চালায়।
এ সময় বাঁশের লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাকে আঘাত করা হয়। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় অভিযুক্তরা। নির্বাচনে পরাজিত হওয়ায় ক্ষিপ্ত হয়ে এই হামলা চালানো হয়েছে বলে দাবি আহত মুক্তিযোদ্ধার।
এ ঘটনার বিচার দাবি করেছেন আহত মুক্তিযোদ্ধা ও তার স্বজন-সহযোদ্ধারা। এদিকে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ।
এমআই/টিআই




