
জনপ্রতিনিধিত্বে তৃতীয় লিঙ্গের প্রার্থী শাহিনুর আক্তার সাথী আসন্ন পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে সংরক্ষিত নারী আসনে দিনাজপুর চিরিরবন্দর উপজেলার ৪নং ইসবপুর ইউনিয়নে প্রার্থী হয়েছেন। নিজেকে নির্বাচনে বিজয়ের বেশে দেখতে দিনরাত নিজের নির্বাচনী এলাকার চষে বেড়াচ্ছেন। এতে ভোটারদের মাঝে নতুন উৎসাহ দেখা যাচ্ছে।
উপজেলার ৪নং ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে সংরক্ষিত নারী আসনে ইউপি সদস্য পদে এ বছর ইউপি নির্বাচনে প্রার্থী হয়েছেন বিন্ন্যাকুড়ি গ্রামের শাহিনুর আক্তার সাথী আহমেদ নামের তৃতীয় লিঙ্গের ব্যক্তি।
ইউপি সদস্য পদে প্রার্থী শাহিনুর আক্তার সাথী আরটিভি নিউজজকে জানিয়েছেন, দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের নাগরিক হিসেবে মর্যাদা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। উন্নয়ন অগ্রগতিতে আমরাও এখন অংশীদার। তাই পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ইসবপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে প্রার্থী হয়েছি। আমি আমার নির্বাচনী এলাকাসহ দেশবাসী সকলের কাছে দোয়া চাই।
নির্বাচনে জয়লাভ করতে পারলে এলাকার মানুষকে সাথে নিয়ে সব সমস্যা সমাধানের চেষ্টা করব। মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিয়েসহ সব অনৈতিক কার্মকাণ্ড দূরকরণে এলাকার জনগণকে সঙ্গে নিয়ে অগ্রণী ভূমিকা রাখবেন বলে জানালেন তৃতীয় লিঙ্গের প্রার্থী শাহিনুর আক্তার সাথী।
এমআই/টিআই




