
সাভার পৌর-এলাকার তালবাগ মহল্লায় পুলিশ সদস্যের স্ত্রীর কর্তৃক পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন স্বপ্না নামের একজন গৃহকর্মী। পরে ওই গৃহকর্মী পালিয়ে একটি গ্যারেজে অবস্থান নিলে স্থানীয়দের সহযোগিতায় সাভার মডেল থানায় আসেন।
নির্যাতনের শিকার স্বপ্না আক্তার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার চরবঙ্গু গ্রামের মৃত ছব্দুল মিয়ার মেয়ে। অভাবের তাড়নায় দেড় বছর আগে বাসা বাড়িতে কাজ করতে শুরু করেন তিনি।
স্বপ্না আরটিভি নিউজকে জানিয়েছেন, গত বৃহস্পতিবার সকালে ডিম ভাজতে দেরি হওয়ায় হাতে রুটি বানানোর বেলনা দিয়ে আঘাত করে হাত ভেঙে দেয় পুলিশ সদস্য শাহেদের স্ত্রী সুইটি বেগম। পরে কাপড় কাঁচতে বললে ভাঙ্গা হাতে নিয়ে পারবে না জানালে ফের মারধর করা হয় তাকে। মারধরের এক পর্যায়ে মাথা ফেটে যায় স্বপ্না আক্তারের। এ ঘটনা কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেয় সুইটি বেগম। শুক্রবার দুপুরে সুযোগ পেয়ে ওই বাসা থেকে পালিয়ে ব্যাংক কলোনি এলাকার একটি মোটরগ্যারেজ আশ্রয় নেয় স্বপ্না।পরে স্থানীয়রা তাকে সাভার মডেল থানায় নিয়ে একটি অভিযোগ দায়ের করেন।
স্বপ্না আরটিভি নিউজকে আরও বলেন, দেড় বছর যাবত গৃহকর্মীর কাজ করে তিনি পেয়েছেন মাত্র ১৩ হাজার টাকা। কিছুদিন আগে মায়ের অসুস্থতার খবর শুনে যেতে চাইলেও যেতে দেওয়া হয়নি।
নির্যাতনকারী দম্পতির ওপর ক্ষুব্ধ স্থানীয়রা আরটিভি নিউজকে বলেন, এর আগেও এমন নির্যাতন করা হয়েছে এই গৃহকর্মীর ওপর। এ ঘটনায় কোনো বক্তব্য দিতে রাজি হয়নি পুলিশ সদস্যের স্ত্রী সুইটি বেগম।
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মমিনুল ইসলাম আরটিভি নিউজকে বলেন, নির্যাতনের শিকার স্বপ্না নামের একজন সাভার লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমআই/এসকে




