
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় যৌতুকের দাবি পূরণ করতে না পাড়ায় স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (১১ ডিসেম্বর) রাতে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মো. মাহবুব উল্লাহ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের গয়হাট্রা পারকুল গ্রামে এ ঘটনা ঘটে।
যৌতুকের দাবিকৃত টাকা না দেওয়ায় গয়হাট্রা গ্রামের মো. সবুজ মিয়া তার স্ত্রী রুমা খাতুনকে (২০) শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে বলে রুমার বাবা মো. শফিকিল ইসলাম বাদী হয়ে শনিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় উল্লাপাড়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠিয়েছে।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মো. মাহবুব উল্লাহ সরকার জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। নিহত রুমার বাবা বাদী হয়ে শনিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।
জিএম




