
নির্বাচন কমিশনার কবিতা খানম জানিয়েছেন, নির্বাচন সুস্থ হবে, অসুস্থ নির্বাচন আমরা কেউ চাই না। ভোট মানুষের পবিত্র আমানত, তা যেন কোনোভাবে খেয়ানত না হয়। নির্বাচনে অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না।
গত শনিবার (১১ ডিসেম্বর) রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে স্বাধীনভাবে ভোট দিতে পারে, তা নিশ্চিত করতে হবে। নির্বাচনে যেকোনো ধরনের বেআইনি কাজে জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না।
নির্বাচন কমিশনার কবিতা খানম আরও বলেন, নির্বাচন সুষ্ঠু হবে অসুষ্ঠু নির্বাচন আমরা কেউ চাই না। আপনারা প্রার্থীরা ভোটারদের আকৃষ্ট করেন, আপনার কথা দিয়ে ভালোবাসা দিয়ে। শক্তি দিয়ে নয়, টাকা দিয়ে নয়, আপনার কাজ দিয়ে। ভয় দেখিয়ে কোনো কিছু পাওয়া যায় না।
এমআই/টিআই




