
সাভারের হেমায়েতপুর থেকে হাত-পা বেঁধে গরু ও স্বর্ণালঙ্কার ডাকাতির ঘটনায় দায়েরকৃত মামলায় ৭ ডাকাতকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ সময় উদ্ধার হয় ছয়টি গরু।
গত বৃহস্পতিবার ও শুক্রবারের নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও ডাকাতি হওয়া ছয়টি গরু উদ্ধার করা হয়। গ্রেপ্তাকৃতদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙাইল জেলার মো. দেলোয়ার হোসেন (৩৫), মো. হুমায়ুন কবির (৩৪), মো. হালিম মিয়া জুয়েল (২৮), নাটোর জেলার মো. সুমন মুন্সি (২০), ময়মনসিংহ জেলার মো. আলী হোসেন (৫৬) এবং নারায়ণগঞ্জ জেলার মো. সবুজ মিয়া (৩৩) ও মোসলেউদ্দীন (৫২)।
ঢাকা জেলা গোয়েন্দা শাখা ডিবি (উত্তর) সূত্রে জানা গেছে, সাভারের হেমায়েতপুরের দোলন চাপা আক্তার (২৫) গত ২৯ অক্টোবর তার পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন। ওইদিন দিবাগত রাত সাড়ে ৩টার দিকে স্বামী মো. আশরাফুল ইসলাম প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হন। এ সময় তিনি বাড়ি সংলগ্ন তার গরুর খামারের সামনে ১০ থেকে ১২ জনকে রড কাটার দিয়ে খামারের তালা কাটতে দেখেন। এ সময় ডাকাত দলের তিন সদস্য আশরাফুলকে দেখতে পেয়ে কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র নিয়ে তাকে জিম্মি করে। পরে ডাকাত দলের সদস্যরা আশরাফুলকে নিয়ে ঘরে প্রবেশ করে আশরাফুল ও দোলন চাপার হাত-মুখ বেঁধে ফেলেন। পরে ডাকাতেরা গরুর খামার থেকে সাতটি গরু নিয়ে যায়। এ সময় তারা ঘর থেকে স্বর্ণের চেইন ও মোবাইল লুটে নেয়।
ডাকাতির ঘটনার পর ২ নভেম্বর তারিখে দোলন চাপা বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন।
ঢাকা জেলা গোয়েন্দা শাখা ডিবি (উত্তর) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন মুন্সির নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার ও শুক্রবারের অভিযান চালায়। অভিযানে তারা ওই ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করে। এ ছাড়াও ডাকাতি হওয়া সাতটি গরুর মধ্যে ছয়টি উদ্ধার করে ডিবি পুলিশ।
ঢাকা জেলা গোয়েন্দা শাখা ডিবি (উত্তর)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন মুন্সি আরটিভি নিউজকে বলেন, ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
এমআই/টিআই




