
রংপুরের পীরগঞ্জ উপজেলায় স্ত্রীর করা যৌতুক মামলায় শিশু বিষয়ক এক কর্মকর্তার জামিন নামঞ্জুর করেছেন আদালত।
রোববার (১২ ডিসেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. যাবিদ হোসেন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
অভিযুক্ত ব্যক্তি রংপুরের পীরগঞ্জ উপজেলার হাসানপুর গ্রামের আবু তালেব মিঞার ছেলে ইমরান মিঞা (৩৩)। তিনি নীলফামারী জেলার শিশু বিষয়ক কর্মকর্তা।
মামলার এজাহার সূত্র জানায়, রংপুরের কেরানীপাড়া মহল্লার মোশারফ হোসেন খানের মেয়ে মাহমুদা মারজিয়া মুক্তার সঙ্গে ইমরান মিঞার চলতি বছরের ২১ মে রেজিস্ট্রিমূলে বিয়ে হয়। পরে রংপুর নগরীর ধাপ লালকুঠি এলাকার একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতে থাকেন তারা।
এদিকে বিয়ে পারিবারিকভাবে মেনে নেওয়ার কথা জানিয়ে স্ত্রী মুক্তার কাছ থেকে ৩০ লাখ টাকা যৌতুক দাবি করেন। এতে মুক্তা রাজি না হলে তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেন ইমরান। এ ঘটনায় গত ৯ অক্টোবর ইমরানকে আসামি করে রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন মুক্তা।
এদিকে রোববার (১২ ডিসেম্বর) এ মামলায় জামিন নিতে আদালতে উপস্থিত হলে বিচারক শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট খন্দকার মো. রফিক হাসনাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
জিএম/এসকে




