
যশোরে দলগত ধর্ষণের শিকার হওয়ার ৮ মাস পর এক কিশোরীর (১৪) সন্তান প্রসব করার খবর পাওয়া গেছে।
রোববার (১২ ডিসেম্বর) সকালে যশোর জেনারেল হাসপাতালে ভুক্তভোগী কিশোরী একটি মেয়েসন্তান প্রসব করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২১ সালের মার্চ মাসের প্রথম দিকে ভুক্তভোগী ওই কিশোরীর বড় বোন (বিবাহিত) যশোর জেনারেল হাসপাতালে সন্তান প্রসব করে। এ সুযোগে বাড়িতে কেউ না থাকায় যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের দৌলতদিহি পশ্চিমপাড়ার তরিকুলের ছেলে অনিক, ঠান্ডুর ছেলে সোহান ও লাল্টুর ছেলে অস্ত্রের মুখে ভুক্তভোগী কিশোরীর মুখ বেঁধে দলগত ধর্ষণ করে। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ তাদের জেলহাজতে দেয়। সম্প্রতি তারা জামিনে মুক্তি পেয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান জানান, কিশোরী মা ও তার সন্তান এখন ভালো আছেন।
ভুক্তভোগী মা জানান, শনিবার (১১ ডিসেম্বর) গভীর রাতে প্রসব বেদনা উঠলে মেয়েটিকে হাসপাতালে আনা হয়। সকালে সে একটি মেয়েসন্তান প্রসব করে। প্রথমদিকে তারা মেয়ের গর্ভপাতের জন্য হুমকি-ধামকি দিলেও পরে পুলিশি হস্তক্ষেপে আর কিছু বলেনি।
যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, কিশোরীকে ধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা রয়েছে। এখন শিশুর ডিএনএ পরীক্ষার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জিএম/এসকে




