
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার মিজমিজি বাতানপাড় এলাকায় চাকরির আশ্বাস দেখিয়ে তরুণীকে (১৮) ডেকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় আদমজী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার দরবারপুর গ্রামের বাসিন্দা মো. আলম মিয়ার ছেলে শাহ আলম (২২)।
পুলিশ জানান, রোববার (১২ ডিসেম্বর) সকালে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে অজ্ঞাত যুবককে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। ভুক্তভোগীকে একটি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। গ্রেপ্তারকৃত আলম ইউনিলিভারের সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করছে।
সিদ্ধিরগঞ্জ এসআই সাফায়েদুর রহমান, রোববার (১২ ডিসেম্বর) সকালে মামলা দায়েরর পর অভিযুক্তের মোবাইল নম্বর দিয়ে তাকে শনাক্ত করা হয়। পরে সন্ধ্যায় নিশ্চিত হওয়ার পর শাহ আলমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবককে সোমবার (১৩ ডিসেম্বর) নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মসিউর রহমান জানান, তথ্য-প্রযুক্তি ব্যবহার করে আলমকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। সে ইউনিলিভারের বিক্রয় প্রতিনিধি। রাতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর রাত ১০টায় ঢাকার শনিরআখড়ায় অবস্থিত একটি প্রতিষ্ঠানের নারী বিক্রয় প্রতিনিধিকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মোবাইলে মিজমিজি বাতানপাড়া এলাকায় ডেকে নিয়ে আসেন এক যুবক। পরে নির্জন স্থানে নিয়ে ভুক্তভোগী তরুণীকে ধর্ষণ করা হয়। পরে কৌশলে ভুক্তভোগী পালিয়ে আসেন। শনিবার (১১ ডিসেম্বর) রাতে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে রোববার (১২ ডিসেম্বর) মামলাটি গ্রহণ করেন।
জিএম/এসকে




