
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২২ নির্বাচনে ভোট গণনা চলাকালে আওয়ামীপন্থী দুই পক্ষের শিক্ষকদের মাঝে বাকবিতণ্ডা হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় গণনা কেন্দ্র কুবি টিচার্স লাউঞ্জের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আওয়ামীপন্থীদের রানা-এমদাদ প্যানেলের পক্ষ থেকে ভোট গণনার প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের কাছে আপত্তি তোলা হয়। তারা প্রতিবছরের মতো একই প্রক্রিয়ায় ভোট গণনার দাবি জানান যেন এজেন্টরা ভালভাবে পর্যবেক্ষণ করতে পারেন।
এসময় আওয়ামী পন্থীদের দুই পক্ষের শিক্ষকরা টিচার্স লাউঞ্জের সামনে জড়ো হতে থাকেন। এরপর বেশ কিছুক্ষণ দুই পক্ষের শিক্ষক নেতাদের মাঝে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নির্বাচন কমিশনার সকল প্যানেলের সভাপতি-সম্পাদক প্রার্থীদের ভোট গণনার কক্ষে উপস্থিত থাকার প্রস্তাব দিলে বিষয়টি সমাধান হয়।
এ বিষয়ে আওয়ামীপন্থীদের একটি অংশ নন্দী-বিদ্যুৎ প্যানেলের সভাপতি প্রার্থী ড. দুলাল চন্দ্র নন্দী বলেন, কেউ আপত্তি জানালে প্রয়োজনে সবার সামনে ভোট গণনা হোক। তবুও চাই সুষ্ঠুভাবে হোক। যেমন টা সন্দেহ করছে বিশ্ববিদ্যালয় পর্যায়ে তেমন কিছু হয় না। নির্বাচন কমিশনের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে।
আওয়ামীপন্থীদের অন্য একটি অংশ রানা-এমদাদ প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী মো. এমদাদুল হক বলেন, আমরা নির্বাচন কমিশনারের প্রতি কোনো প্রকার অনাস্থা পোষণ করিনি। গণনা পদ্ধতি নিয়ে আমাদের জিজ্ঞাসা ছিল। নির্বাচন কমিশনার পরবর্তীতে দুই পক্ষের সম্মতিতে ভোট গণনার প্রক্রিয়া নতুন করে ঠিক করেছে।
এমআই




