
খুলনা মহানগরীর সভাপতি পদ থেকে বাদ পড়া নজরুল ইসলাম মঞ্জুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি।
সোমবার (১৩ ডিসেম্বর) দলের পক্ষ থেকে এ নোটিশ দেওয়া হয়েছে। তবে তিনি দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, গত ৯ ডিসেম্বর খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। গতকাল ১২ ডিসেম্বর প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে আপনি উক্ত আহ্বায়ক কমিটি সম্পর্কে অযৌক্তিক অভিযোগ করেছেন, যা কেন্দ্রীয় নেতৃত্বকে অবজ্ঞা করার শামিল। দলের জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদকের (খুলনা বিভাগ) মতো গুরুত্বপূর্ণ পদে থাকার পরেও সংবাদ সম্মেলন করে ঘোষিত আহ্বায়ক কমিটির বিরুদ্ধে আপনার আক্রমণাত্নক বক্তব্য প্রদান গুরুতর অসদাচরণ এবং দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড।
কারণ দর্শানোর নোটিশ প্রসঙ্গে নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘আমি এখনও চিঠি পাইনি, তবে এ ধরনের চিঠি আমাকে দেওয়া হয়েছে বলে শুনেছি। আমি চিঠির জবাব দেব। আমি জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি করেছি। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দল করি। আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বেও দল করছি এবং আগামীতেও করব।
তিনি আরও বলেন, আমি তো দলীয় শৃঙ্খলা ভঙ্গ করিনি। আক্রমণাত্মক কোনো কথা বলিনি। এমনকি আমি সদ্য ঘোষিত কমিটি প্রত্যাখ্যানও করিনি। ঘোষিত কমিটি খুলনার জাতীয়তাবাদী শক্তির বৃহত্তর অংশের মানুষের মনের প্রত্যাশা পূরণ করেনি। আমি আশা করব, দল বাস্তবতার নিরিখে ব্যবস্থা নেবে।
জিএম/এসকে




