
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কনকসার কাহেতারা এলাকায় নিখোঁজের ১৮ ঘণ্টা পর এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় ওই এলাকায় বাড়ির পাশের ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে বুধবার (১৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়।
নিহত শিশু স্থানীয় মো. হানিফ হোসেনের মেয়ে হুমায়ারা হিমু (১০)।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার (১৫ই ডিসেম্বর) বিকেল ৩টার দিকে হিমু বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজ করে না পাওয়ায় রাতে লৌহজং থানায় সাধারণ ডায়েরি করেন হিমুর বাবা।
এদিকে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে বাড়ির পাশের ডোবায় ভাসমান একটি বস্তা কুকুরকে টানতে দেখে সন্দেহ হলে বস্তাটি খুলে শিশুর লাশ পাওয়া যায়। পরে এ ঘটনায় পুলিশকে সংবাদ দিলে এসে লাশ উদ্ধার করে।
লৌহজং থানার এসআই রাজু মিয়া জানান, এ সংবাদ পেয়ে লাশ উদ্ধার করা হয়। নিহতের বাবা-মা জানিয়েছে শিশুটি গতকাল থেকে নিখোঁজ ছিল। তবে প্রকৃত ঘটনা কী তা ময়নাতদন্ত শেষে বলা যাবে।
জিএম/এসকে




