
মহান বিজয় দিবস উপলক্ষে টানা তিন দিনের ছুটিতে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলোতে প্রচুর জনসমাগম হয়েছে। এ কারণে খালি নেই হোটেল-মোটেলের কক্ষ।
জানা গেছে, প্রায় দুই বছর পর বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বান্দরবানের পর্যটন হঠাৎ জেগে উঠেছে। মাসের শুরু থেকে পর্যটকরা হোটেল-মোটেল ও অবকাশ যাপনকেন্দ্রগুলোতে আগাম ভাড়া নিতে থাকেন। কোথাও কোনো সিট খালি নেই। এদিকে জেলা শহর ও শহরতলীতে ছোট-বড় প্রায় ৬৫টি আবাসিক হোটেল-মোটেল ও অবকাশকেন্দ্রে চার হাজার পর্যটক থাকার ব্যবস্থা রয়েছে। থানচি, রুমা, বগালেক, তাজিংডং, তিন্দু, রেমাক্রি, নাফাকুমসহ বিভিন্ন পাহাড় চূড়ার বিভিন্ন স্থানে আরও কয়েক হাজার পর্যটকের আবাসন করা সম্ভব। এসব পর্যটন স্পটে কোথাও কোনো জায়গা খালি নেই।
হোটেল রিভার ভিউর ম্যানেজার মো. ইমরান জানান, ১৬ থেকে ১৮ ও ২২ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত সব কক্ষ অগ্রিম বুকিং দেওয়া আছে। নতুন করে রুম বুকিং দেওয়া সম্ভব নয়।
পর্যটন করপোরেশনের মেঘলা পর্যটন মোটেলের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, মহান বিজয় দিবস থেকে এ মাসের শেষ দিন পর্যন্ত মোটেলের সবকটি কক্ষ অগ্রিম ভাড়া হয়ে গেছে।
ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, টানা তিন তিন দিন ছুটি থাকায় পর্যটকের ঢল নেমেছে বান্দরবানে। পর্যটকরা যাতে নিরাপদে ঘুরে বেড়াতে পারে, সেজন্য প্রতিটি স্পটে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা রয়েছে।
বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজী বলেন, বান্দরবানের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে বছরের পুরোটা সময়ই পর্যটকের আগমন ঘটে। তবে টানা তিন দিন ছুটি থাকায় পর্যটকের আগমন আরও বেড়েছে। পর্যটকদের নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
জিএম/টিআই




