
যশোরে আব্দুর রহমান রাকিব (৩০) নামে এক যুবক সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা রাতে শহরের বকচরের হুসতলায় এই ঘটনা ঘটে। তিনি যশোর পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মীসভা শেষে বাড়িতে ফিরছিলেন।
নিহত যুবক রাকিব বকচরের হুসতলা কবরস্থানপাড়ার মৃত লিটু সরদারের ছেলে। তিনি পেশায় মোটরগাড়ির শ্রমিক ছিলেন।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবলু আরটিভি নিউজকে জানিয়েছেন, বিকালে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়। রাকিবের চাচা হাফিজুর রহমান বটু ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ওই সভায় মিছিল নিয়ে যোগদান করেন রাকিব। হয়তো একারণে রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে হত্যা করেছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা আমরা এখনো জানতে পারিনি। ঘটনাস্থলের আশপাশে সিসিটিভির ফুটেজ দেখে বিষয়টি জানা যাবে।
যশোর জেনারেল হাসপাতালের ডাক্তার মুরসালিনুর রহমান বলেন, যুবককে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, হত্যার সঙ্গে কারা জড়িত বা কি কারণে হত্যা করা হয়েছে তা জানা সম্ভব হয়নি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
এমআই




