
ডেঙ্গুর কাছে অকালে হেরে গেলন রাজবাড়ীর পরিচিত মুখ, করিম শু’র মালিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি কমরেড অ্যাডভোকেট রেজাউল করিম রেজা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি রাজবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি ছিলেন।
রোববার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার আনোয়ার খান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর বিষয়টি আরটিভি নিউজকে নিশ্চিত করেছে জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জ্যোতি শঙ্কর ঝন্টু।
তিনি বলেন, রেজা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শুক্রবার (১৭ ডিসেম্বর) ফরিদপুরে ভর্তি হয়। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য গতকাল শনিবার (১৮ ডিসেম্বর) তাকে ঢাকার আনোয়ার খান মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে রোববার সকালে মৃত্যু হয় তার।
তিনি আরও বলেন, রেজা রাজবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি ছিল। বর্তমানে সে জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ছিল। এ ছাড়াও সে পেশাগত জীবনে রাজনীতির পাশাপাশি সফল ব্যবসায়ী ও জেলা বারের একজন সদস্য।
মৃত্যুকালে রেজাউল করিম রেজা স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এমআই/টিআই




