
মাদারীপুরে এক ছাত্রলীগ নেতার ওপর হামলা থামাতে গিয়ে ৭ পুলিশসহ আহত হয়েছেন অন্তত ১২ জন। গতকাল শনিবার (১৮ ডিসেম্বর) রাতে রাজৈর পৌরসভার এলাকায় শিল্পকলা একাডেমির সামনে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ছাত্রলীগ নেতা রবিউল মোল্লা রাজৈর পৌর ছাত্রলীগের সভাপতি। এছাড়া রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সাদী, ওসি (তদন্ত) সঞ্জয় ঘোষসহ ৭ পুলিশ সদস্য আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা আরটিভি নিউজকে জানিয়েছেন, রাতে রাজৈর বাসস্ট্যান্ড থেকে মোটরসাইকেলযোগে রাজৈর বাজারের দিকে যাচ্ছিল ছাত্রলীগ নেতা রবিউল ও তার সহযোগীরা। এ সময় রবিউলের মোটরসাইকেল গতিরোধ করে উপজেলা শিল্পকলা একাডেমির সামনে আসলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এতে রবিউলসহ ৫ নেতাকর্মী আহত হয়। খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উপরও ইটপাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ আহত হয় ৭ জন। আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সাদী আরটিভি নিউজকে বলেন, পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। অভিযোগ পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমআই




