
দলীয় নির্দেশ অমান্য করে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করায় দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে জেলা কমিটি। সোমবার (২০ ডিসেম্বর) নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই বহিষ্কারের আদেশ দেওয়া হয়।
তারা হলেন, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজমুল কবীর ও যুগ্ম সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ গোস্বামী।
বহিষ্কার চিঠিতে উল্লেখ করা হয়, আসন্ন ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে চেয়ারম্যান পদে খন্দকার হাসান উল সানী কে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আশা করা হয়েছিল শিবুপর উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীল পদে থেকে আপনারা নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষে সক্রিয় ভূমিকা পালন করবেন। কিন্তু পরিতাপের বিষয় নৌকাকে পরাজিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। তাই বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র পরিপন্থী দলীয় শৃঙ্খলাভঙ্গ করে আসন্ন পুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক (নৌকা) এর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদের দলীয় পদ হতে অব্যাহতি ও দল থেকে বহিষ্কার করা হয়।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব জানান, দলের শৃঙ্খলার পরিপন্থী হওয়ায় যথাযথ নিয়মেই তাদের বহিষ্কার করা হয়েছে। যার অনুলিপি কেন্দ্রে পাঠানো হয়েছে। বিদ্রোহী প্রার্থীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
বহিষ্কারের বিষয়ে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী নাজমুল কবীর আরটিভি নিউজকে বলেন, আমি আওয়ামী লীগের রাজনীতি করি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত যাই হোক আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। নির্বাচনের পর বহিষ্কারের বিষয়ে কি করা যায় তা দেখব।
এমআই/এসকে




