
প্রতিবেশী স্কুল পড়ুয়া ছাত্রকে কুপিয়ে হত্যা চেষ্টার পর এবার নিজের ভগ্নিপতির ভাগ্নেকে জবাই করে খুন করেছে এক যুবক। এই ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
সোমবার (২০ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পূর্ব লক্ষীপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম মাহবুব আলম রিহান (৬)। রিহান লক্ষীপুর গ্রামের হানিফ উদ্দিনের ছেলে।
ঘাতকের নাম তৌহিদ মিয়া (৩০)। সে পাশ্ববর্তী তাহিরপুর উপজেলার ভাটি তাহিরপুর গ্রামের ছাপতা মিয়ার ছেলে। নিহতের পরিবার ও স্থানীয় লোকজন ঘাতক তৌহিদকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। স্থানীয়দের ধারণা তৌহিদ মানসিক ভরসাম্যহীন হতে পারে।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ আবু নাসের বলেন, খবর পেয়ে নির্মমভাবে খুন হওয়া শিশু মাহবুব আলম রিহানের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় ঘাতক তৌহিদকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরে প্রস্তুতি চলছে। গ্রেপ্তারকৃত তৌহিদকে আদালতের সোপর্দ করা হবে।
উল্লেখ্য, ঘাতক তৌহিদ ২০১৫ সালের ২০ সেপ্টেম্বর নিজ গ্রামের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া রফিকুল ইসলামের ছেলেকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছিল। নিজেই থানায় আত্মসমর্পন করেছিল। দায়ের কোপে ওই শিশুটির বাম হাত কেটে ফেলতে হয়েছে ও ডান চোখ নষ্ট হয়ে গেছে। অনেক দিন কারাভোগ করে আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছে। ওই হত্যা চেষ্টার মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।
এমআই




