
সুনামগঞ্জে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার ও দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কারের জন্য সুপারিশ করেছে জেলা আওয়ামী লীগ।
গতকাল সোমবার (২০ ডিসেম্বর) রাতে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বহিষ্কার হওয়া বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীরা হলেন, দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়ন নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহজাহান কাজী, জগদল ইউনিয়ন নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শিবলী বেগ, তাড়ল ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য আকিকুর রেজা পুলিশ, শাল্লা হবিবপুর ইউনিয়ন নির্বাচনের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুবল চন্দ্র দাস এবং শাল্লা সদর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবু লেইস চৌধুরী।
বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা প্রার্থীরা হলেন, দিরাই উপজেলা রফিনগর ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী ও বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সোহেল আহমদ।
এমআই/টিআই




