
বিচারকের নির্দেশে কারাগারের মধ্যেই পরীক্ষার দেওয়ার সুযোগ পেলেন টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের এইচএসসি পরীক্ষার্থী রোহান মুন্সি (১৮)। গতকাল সোমবার (২০ ডিসেম্বর) ছিল রোহানের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র ও শেষ পরীক্ষা।
এ ব্যাপারে রোহানের পক্ষে টুঙ্গিপাড়া আমলী আদালতে আবেদন করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ওই মামলার বিচারক মো. শরিফুর রহমান মানবিক কারণে কারাগারের মধ্যেই তার পরীক্ষা নেয়ার ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন।
আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের জিআরও লাভলী বেগম।
প্রসঙ্গত, গত ১৭ ডিসেম্বর রাতে রোহান মুন্সির মোটরসাইকেলের ধাক্কায় টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা উত্তরপাড়া গ্রামের ইদ্রিস শেখের ছেলে বিল্লাল শেখের (৩৮) মৃত্যু হয়। এ ঘটনায় পরদিন ১৮ ডিসেম্বর রোহান মুন্সির বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। ওইদিন রাতে পুলিশ রোহানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
এমআই/টিআই




