
কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিন্টু ফকিরের ওপর হামলা চালিয়েছে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা। হামলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিন্টু ফকিরসহ অন্তত পাঁচজন আহত হয়েছে। মিন্টু ফকিরসহ দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় মিন্টু ফকির নিজের ঘোড়া প্রতীকের সমর্থকদের নিয়ে মটরসাইকেল মহড়া দিচ্ছিল। দোস্তপাড়া ক্লাবমোড়ে পৌঁছালে আওয়ামী লীগ দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান মমিন মণ্ডলের সমর্থকরা মিন্টু ফকিরের ওপর হামলা চালায়। ইট পাটকেল ও ধারালো অস্ত্রের কোপে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিন্টু ফকিরসহ পাঁচজন আহত হয়। মাথায় জোরালো আঘাত পাওয়া মিন্টু ফকিরসহ দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে আওয়ামী লীগ প্রার্থী এম এ মোমিন মণ্ডল অভিযোগ অস্বীকার করে বলেন, মিন্টু ফকিরের সমর্থকরা মোটরসাইকেল বহর নিয়ে তার অফিসে হামলা করতে আসে। তখন তার সমর্থকরা বাধা দেয়। এদিকে এ ঘটনার পর নৌকা প্রার্থীর ওপর ক্ষোভে ফুসে ওঠে জনগন।
কুষ্টিয়া মডেল থানার ওসি ছাব্বির উল আলম আরটিভি নিউজকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এমআই/টিআই




