
একাত্তরের স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শব্দ সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, নারীনেত্রী, সাহিত্যিক বেগম মুশতারী শফীর মরদেহ চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে।
বুধবার (২২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে তার মরদেহ শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা জানাচ্ছেন। এর আগে সকালে ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানান।
জানা গেছে, শ্রদ্ধা নিবেদনের পর দুপুরে জানাজা শেষে চট্টগ্রাম নগরীর চৈতন্য গলির কবরস্থানে তাঁকে দাফন করা হবে। এর আগে মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাত পৌনে ৯টায় মুশতারী শফীর মরদেহ চট্টগ্রামের এনায়েতবাজার এলাকার বাসায় পৌঁছায়।
উল্লেখ্য, গত সোমবার বিকেল ৫টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন মুশতারী শফী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৮৩ বছর বয়সী বেগম মুশতারী শফী দীর্ঘদিন শ্বাসকষ্টে ভুগছিলেন। এ ছাড়া বার্ধক্যজনিত বিভিন্ন রোগও ছিল তার। তিনি দুই ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
জিএম/এসকে




