
ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) দুজন ট্রান্সজেন্ডারসহ মোট সাতজনকে চাকরি দেওয়া হয়েছে।
বুধবার (২২ ডিসেম্বর) রাজধানীর গুলশান-২ এলাকায় বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে দৃষ্টিনন্দন পরিবেশে আয়োজিত ‘সিক্সটিন ডেইজ অব অ্যাক্টিভিজম’ উদযাপন করা হয়।
অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, সিক্সটিন ডেইজ অব অ্যাক্টিভিজমের এবারের মূল প্রতিপাদ্য ‘কমলা রং এর বিশ্ব গড়ি, নারী নির্যাতন বন্ধ করি’ যা সময়োপযোগী ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসি দুজন ট্রান্সজেন্ডার মইনুল ইসলাম অনামিকা ও আসিফ নেওয়াজ মেঘ, দুজন এসিডদগ্ধ নারী নাসরিন জাহান ও লুলু মানসুরা, দুজন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ সাবিনা ইয়াসমিন শিল্পী ও সানজিদা আক্তার এবং রামপুরায় সড়ক দুর্ঘটনায় নিহত স্কুলছাত্র মাইনুদ্দিন ইসলাম দুর্জয়ের সহোদর ভাই মনির হোসেনসহ মোট সাতজনকে চাকরি দিয়ে তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে।
তিনি বলেন, নারী নির্যাতন, যৌতুকপ্রথা, বাল্যবিবাহ, এসিড নিক্ষেপসহ সামাজিক ব্যাধিগুলোর বিরুদ্ধে প্রচলিত আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মানুষের মধ্যে নৈতিকশিক্ষা ও মূল্যাবোধগুলো জাগিয়ে তুলতে হবে, নারী-পুরুষ সবাইকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে হবে।
ডিএনসিসি মেয়র বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে বলেই এক সময়ের তথাকথিত তলাবিহীন ঝুড়ির বাংলাদেশই আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল।
আতিকুল ইসলাম আরও বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় অপরিকল্পিত ঢাকাকে সবার বাসযোগ্য একটি সুস্থ, সচল ও আধুনিক নগরীতে রূপান্তরিত করতে হবে।
ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধান অতিথি হিসেবে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এবং বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদ সদস্য নাহিদ ইজাহার খান, শক্তি ফাউন্ডেশনের ডেপুটি ডিরেক্টর ইমরান আহমেদ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা উপস্থিত ছিলেন।
এফএ/টিআই




