
লক্ষ্মীপুরের স্বেচ্ছাসেবক দল নেতা বরকত উল্যাহকে ফেনী থেকে পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবার। বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে বরকতের সন্ধান চেয়ে জেলা শহরের একটি পত্রিকা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তার মা সালেহা বেগম। এ সময় বরকতের বড় ভাই সালাহউদ্দিন ও বোন বিউটি বেগম উপস্থিত ছিলেন।
ফেনী থেকে নিখোঁজ হওয়ায় বরকতের মা সালেহা বেগম জিডির আবেদন করলেও তা পুলিশ গ্রহণ করেনি বলে জানায় তার পরিবার।
বরকত সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে।
সংবাদ সম্মেলনে বরকতের মা সালেহা বেগম বলেন, বরকত প্রায় দুই বছর ওমান ছিল। সেখান থেকে এসে চট্টগ্রামে গার্মেন্টসের মালামাল কিনে বিক্রি করত। রোববার (১৯ ডিসেম্বর) রাতে সে রিজার্ভ একটি গাড়ি দিয়ে লক্ষ্মীপুর আসছিল। কিন্তু কে বা কারা তাকে তুলে নিয়ে গেছে। আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি।
বরকতের বোন বিউটি বেগম বলেন, ঘটনার দিন রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বরকত আমাকে ফোন দিয়েছে। সে তখন বলেছে রিজার্ভ গাড়ি থেকে লক্ষ্মীপুরের পুলিশ পরিচয়ে তাকে নামিয়ে নেওয়া হয়েছে। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়।
বরকতের বড় ভাই সালাহউদ্দিন বলেন, তিনদিন ধরে আমার ভাইকে কোথাও খুঁজে পাচ্ছি না। চন্দ্রগঞ্জ থানায় জিডি করতে গেলেও পুলিশ নেয়নি। আমাদেরকে থানা থেকে বের করে দিয়েছে। আমার ভাই অপরাধী হয়ে থাকলে আইনের মাধ্যমে তার সাজা হোক। তাকে যেন গুম করে ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের ঘটনা সাজিয়ে মেরে ফেলা না হয়।
এমএন/টিআই




