
নওগাঁর রানীনগরে সিহাব মৃধা (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে তার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। সিহাব মৃধা কালীগ্রাম খন্দকারপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে। সে চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিল।
নিহতের পরিবারের বরাত দিয়ে রানীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, বুধবার রাতের খাবার খেয়ে আনুমানিক ৮ টার দিকে পড়াশোনার জন্য তার নিজ ঘরে যান সিহাব মৃধা। বৃহস্পতিবার সকালে তার ছোট ভাই সিহাবকে ডাকতে গেলে তার কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। অনেক ডাকাডাকির পরও দরজা খোলেনি সিহাব। পরে তার পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে দেখতে পান গলায় ফাঁস দিয়েছে সিহাব। এরপর পরিবারের লোকজন ও স্থানীয়রা পুলিশে খবর দেন।
ওসি শাহিন আকন্দ জানান, পুলিশ খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে সিহাবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল পাঠায়।
ওসি আরও জানান, এ ঘটনায় রানীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে সিহাবের মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এমএন/এসকে




