
হবিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ৬৫ জনের নাম উল্লেখ করে ২ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সদর থানার এসআই নাজমুল ইসলাম বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
মামলায় বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক সাবেক মেয়র জিকে গউছকে প্রধান আসামি করা হয়েছে। আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলী।
উক্ত ঘটনায় আটক ১০ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে বুধবার মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলী আরটিভি নিউজকে আরও জানিয়েছেন, বুধবারের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে মোট ১২শ’ রাউন্ড রাবার বুলেট ও ৯০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে।
তিনি বলেন, মামলায় জি কে গউছকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. এনামুল হক সেলিমকেও আসামি করা হয়। মামলায় বিভিন্ন উপজেলার নেতাকর্মীদেরও আসামি করা হয়েছে।
এমআই




