
নওগাঁর পোরশায় দলীয় শৃঙ্খলাভঙ্গ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র হিসেবে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের ৫ জন স্থানীয় নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। অতঃপর এ বিষয়ে এলাকায় মাইকিং করে জনসাধারণের অবগতির জন্য প্রচারও করতে দেখা গেছে। ঘটনায় এখন উত্তেজনার সৃষ্টি করেছে পোরশার সব ইউনিয়নে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংগঠন পরিপন্থী কার্যক্রম ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে তেঁতুলিয়া ইউনিয়নের একজন, ছাওড় ইউনিয়নের একজন, ঘাটনগর ইউনিয়নের একজন এবং মশিদপুর ইউনিয়নের দুইজন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন।
বহিষ্কৃতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ছাওড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম, ঘাটনগর ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী জালাল উদ্দিন সরকার, মশিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী শাহাজান আলী এবং সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান।
এছাড়াও তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবলীগ সহ-সভাপতি মাহাবুবুর রহমান শাহ্ চৌধুরীকেও বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে পোরশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন সাংবাদিকদের আরটিভি নিউজকে জানিয়েছেন, বহিষ্কৃতরা আগামী ৫ জানুয়ারী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলাভঙ্গ করায় তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আগামী ২২ ডিসেম্বর দলের সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগের সংবিধান ও গঠনতন্ত্রের ৪৭ (ঠ) ধারা মোতাবেক সংগঠন পরিপন্থী কার্যক্রম ও শৃঙ্খলাভঙ্গের কারণে বর্ণিত নেতৃবৃন্দকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
এমআই




