
মাদারীপুরের শিবচরে মানবপাচারকারী চক্রের সদস্য স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (২২ ডিসেম্বর) রাতে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর গ্রামের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় এক নারীকেও উদ্ধার করা হয়।
আটককৃত মানিক বিশ্বাস ভারতের উত্তর চব্বিশ পরগনার বনগাঁ থানার নয়া গোপালগঞ্জ গ্রামের বীরেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে ও তার স্ত্রী শুভতারা মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর গ্রামের শফি ফকিরের মেয়ে।
পুলিশ আরটিভি নিউজকে জানিয়েছেন, রাজধানী ঢাকার সাভার পৌরসভার আড়াপাড়া এলাকার সজল মোল্লার স্ত্রী সোমা আক্তার (১৯) গত ১৮ ডিসেম্বর একই পৌরসভার আনারকলি গ্রামের বান্ধবী সাথী আক্তার প্রিয়াকে দেখতে তার বাসায় যায়। পরদিন সকালে প্রিয়ার বাসায় তার আরেক কথিত বান্ধবী শুভতারা (১৯) ও তার স্বামী মানিক বিশ্বাস (৩২) বেড়াতে আসে। এ সময় প্রিয়ার বান্ধবী সোমার সাথে মানিক ও তার স্ত্রীর সাথে পরিচয় হয়।
স্বামী-স্ত্রী দু'জনে সোমাকে মোটা বেতনে ঢাকার উত্তরায় গার্মেন্টেসে চাকরি দেয়ার আশ্বাস দেয়। সোমা বিষয়টি তার স্বামী সজলের সঙ্গে আলোচনা করে একপর্যায়ে উভয়ে রাজি হয়। পরে ওইদিনই দুপুরে প্রিয়ার বাসা থেকে মানিক ও তার স্ত্রী শুভতারার সাথে উত্তরার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু সোমাকে উত্তরায় না নিয়ে স্বামী-স্ত্রী দুজনে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট হয়ে মাদারীপুরের শিবচরের কুতুবপুরে নিয়ে আসে। বিষয়টি সন্দেহ হলে সোমা জানতে চাইলে কোন সদুত্তর দেয়নি অভিযুক্ত স্বামী-স্ত্রী দুজনে।
মাদারীপুরের শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন আরটিভি নিউজকে জানিয়েছেন, পুলিশের জিজ্ঞাসাবাদে মানিক বিশ্বাস ভারতের নাগরিক বলে স্বীকার করেছে। মানিক প্রতিমাসে ৩-৪ বার অবৈধপথে বাংলাদেশে আসা যাওয়া করে। এদিকে আটককৃতদের বিরুদ্ধে থানায় মানবপাচার আইনে মামলার পরে আদলতে প্রেরণ করা হয়।
এমআই




