
কক্সবাজারে নারী পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনাটিকে জেলা পুলিশ ‘ভিন্ন দৃষ্টিতে দেখছে’। ওই নারী ইতোপূর্বে তিন মাসে একাধিকবার কক্সবাজার এসেছেন। ধর্ষণের ঘটনায় জড়িতরা চিহ্নিত অপরাধী। তাদের সঙ্গে পূর্ব পরিচয় ছিল ওই নারীর। এমন কথাও উঠে এসেছে।
কক্সবাজারের পুলিশ সুপার মো: হাসানুজ্জামান এ বিষয়ে আরটিভি নিউজকে বলেন, ভিকটিম ইতোপূর্বেও একাধিকার কক্সবাজার এসেছেন। গতমাসের ৮ তারিখ এসে তিনি টানা ১৫ দিন কক্সবাজার অবস্থান করেন। স্থানীয় দুস্কৃতকারীর বিরুদ্ধে তিনি এর আগেও থানায় অভিযোগ দিতে যান। সব বিষয় আমরা আমলে নিয়ে খোঁজখবর নিচ্ছি। এর নেপথ্যে কোন ঘটনা আছে কিনা তা তদন্তে বেরিয়ে আসবে।
পুলিশ সুপার আরটিভি নিউজকে বলেন, ওই নারীর বাড়ী গাজীপুর। তার স্বামী পেশায় রডমিস্ত্রি। কক্সবাজারে তাদের সাথে অনেকের পূর্ব পরিচয় রয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি।
উল্লেখ্য, কতিপয় দুর্বৃত্তের হাতে দফায় দফায় ধর্ষণের শিকার উক্ত নারী পর্যটককে বুধবার রাত দেড়টায় শহরের হোটেল মোটেল জোনের ‘জিয়া গেস্ট ইন’ নামের আবাসিক হোটেলের ২০১ নং কক্ষ থেকে উদ্ধার করা হয়।
কক্সবাজার র্যাব -১৫ এর সিপিসি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, খবর পেয়ে আমরা অভিযানে গেছি। তার স্বামী-সন্তানকেও উদ্ধার করি। অভিযুক্ত হোটেল ম্যানেজারকে গ্রেপ্তার করতে সক্ষম হই।
এমআই




