
লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত সামিয়া (৪) ও লামিয়া (৪) নামে আরও দুই শিশুর মরদেহ শনাক্ত করে নিয়ে গেছেন স্বজনরা। শনিবার (২৫ ডিসেম্বর) সকালে নিহতদের মামার কাছে এই দুই যমজ শিশুর মরদেহ হস্তান্তর করা হয়।
নিহত সামিয়া ও লামিয়া বরগুনার তালতলী উপজেলার আগাপাড়া গ্রামের রফিক হোসেনের মেয়ে। তারা মায়ের সঙ্গে দাদাবাড়িতে বেড়াতে আসছিল।
নিহতদের স্বজনরা জানায়, মা শিমু আক্তার ও নানী দুলু বেগমের সঙ্গে বৃহস্পতিবার দাদাবাড়ি বেড়াতে আসছিল সামিয়া ও লামিয়া। বাবা অফিসের কাজে ব্যস্ত থাকায় তার আসা হয়নি। এরপর ঢাকা থেকে বরগুগামী এমভি অভিযান-১০ লঞ্চটি ঝালকাঠির সুগন্ধা নদীতে এলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গুরুতর দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় সামিয়া এবং লামিয়া। তাদের নানি দুলু বেগম গুরুতর আহত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় নিহত শিশুদের মা শিমু আক্তার এখনও নিখোঁজ রয়েছেন। তাদের বাবা রফিক স্ত্রীকে খুঁজতে বরিশালে আছেন।
প্রসঙ্গত, ২৩ ডিসেম্বর রাত ৩টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান-১০ এ। এ ঘটনায় ৪২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক। নিখোঁজ রয়েছেন আরও অনেকে।
এমআই/টিআই




