
ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী ‘এমভি অভিযান-১০’ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে মারা যাওয়া মা-মেয়েকে এক কবরেই দাফন করা হয়েছে।
শনিবার (২৫ ডিসেম্বর) পরিচয় না জানা ২৭ জনের মরদেহ বরগুনার পোটকাখালী গণকবরে দাফন সম্পন্ন করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঝালকাঠির সুগন্ধা নদীতে যাত্রীবাহী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৩৭টি মরদেহ বুঝে নেয় প্রশাসন। এদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত করে ৪ জনের মরদেহ তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
গণকবরে মরদেহ দাফন দেখতে আসা মো. গোলাম মোস্তফা বলেন, আমার এই জীবনে কখনোই দেখিনি এক কবরে মা ও মেয়েকে দাফন দেওয়া। এবার এই দৃশ্য দেখে সাক্ষী হয়ে রইলাম।
জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, মা ও মেয়ের মরদেহ জড়ানো অবস্থায় পাওয়া যায়। যেহেতু তাদের পরিচয় শনাক্ত করা হয়নি তাই এক কবরেই দাফন করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর দিনগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনার উদ্দেশে যাওয়া এমভি অভিযান-১০ নামের লঞ্চে অগ্নিকাণ্ড ঘটে। এতে এখন পর্যন্ত ৪২ জনের মৃত্যু হয়েছে। আহতসহ নিখোঁজ রয়েছেন অনেকে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানিয়েছে, লঞ্চটিতে প্রায় ৪০০ যাত্রী ছিল। তবে লঞ্চ থেকে প্রাণে বেঁচে যাওয়া যাত্রীদের অনেকে বলছেন, নৌযানটিতে যাত্রী ছিল ৮০০ থেকে এক হাজার জন।
জিএম/এসকে




