
ফেনীর সোনাগাজীতে রোববার (২৬ ডিসেম্বর) চতুর্থ ধাপের ইউপি নির্বাচন চলছে। নির্বাচনকে প্রভাবিত করতে গাড়িযোগে উপজেলার সদর ইউনিয়নের প্রবেশ করলে একটি কালো হাইয়েস গাড়ি ও একটি নোহা গাড়িসহ ৩২ জনকে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বণিকের নেতৃত্বে পুলিশ ও বিজিবির দুটি আলাদা টিম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বণিক আরটিভি নিউজকে জানিয়েছেন, সোনাগাজী সদর ইউনিয়নের চর গনেশ ও চর দরবেশ গ্রাম থেকে বহিরাগত প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান করে তাদের হাতেনাতে ধরতে সক্ষম হয়েছি, এদের বেশিরভাগের বাড়ী পরশুরাম ও ছাগলনাইয়া।
নির্বাচন অবাধ সুষ্ঠু ও প্রভাবমুক্ত করতে আমরা আমাদের যথাযথ দায়িত্ব পালনে করছি।
নির্বাচন প্রভাবিত করতে সরকারি দলের মনোনয়নপ্রাপ্তদের পক্ষে কাজ করতে বিভিন্ন উপজেলা থেকে বহিরাগত আসার শঙ্কার কথা জানিয়ে আসছেন বিরোধী প্রার্থীরা।
বহিরাগত কর্তৃক নির্বাচন প্রভাবিত হলে আত্মহত্যার হুমকি দিয়েছেন সদর ইউনিয়নে নৌকার বিদ্রোহী প্রার্থী সামছুল আরেফিন ও জাতীয় পার্টির প্রার্থী সিরাজুল ইসলাম। বহিরাগত ঠেকাতে ও নির্বাচন সুষ্ঠ করতে প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতির কথা জানানো হয়েছে।
সোনাগাজী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাইনুল হক আরটিভি নিউজকে জানিয়েছেন, উপজেলায় মোট ২ লাখ ৬ হাজার ৪২ জন ভোটার রয়েছে। ভোট গ্রহণের জন্য ৯১টি কেন্দ্রে ৫৩৯টি বুথ তৈরি করা হয়েছে। এসব কেন্দ্রে ১ লাখ ৪ হাজার ৮২১ পুরুষ ভোটার ও ১ লাখ ১ হাজার ২২১ জন মহিলা ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে মঙ্গলকান্দি ও মতিগঞ্জ ইউপিতে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে ৯ ইউনিয়নের ৯১টি কেন্দ্রের মাঝে সবগুলোকেই গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) চিহ্নিত করে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম আরটিভি নিউজকে জানিয়েছেন, উপজেলায় নির্বাচনী পরিবেশ বজায় রাখতে পাঁচ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
এ ছাড়াও ৬২৬ জন পুলিশ সদস্য এবং প্রতিটি কেন্দ্রে ১৭ জন করে আনসার মোতায়েন থাকবে।
এমআই/টিআই




