
কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৫ নম্বর পাচথুবি ইউনিয়নের শালধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে অন্তত ১৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের সঙ্গে বহিরাগতদের ধাওয়া-পাল্টাধাওয়ায় একজন আহত হয়েছেন।
প্রিসাইডিং অফিসার রাশেদুল হক খান বলেন, ‘সাড়ে ৯টার হঠাৎ করে বহিরাগতরা প্রবেশ করে। তারা বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কেন্দ্র দখলের চেষ্টা করে। পুলিশ নিবৃত্ত করতে চাইলে তারা আরও উত্তেজিত হয়ে ওঠে। আধাঘণ্টা বন্ধ থাকার পর ভোট পুনরায় শুরু করেছি।’
কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সোহান সরকার জানান ‘খবর পেয়ে কেন্দ্রে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।’
চতুর্থ ধাপে কুমিল্লার তিন উপজেলার ২৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৮ থেকে ভোটগ্রহণ শুরু হয়।
চতুর্থ ধাপে কুমিল্লার ৩ উপজেলার ৬ চেয়ারম্যান প্রার্থী বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে সদর উপজেলায় নৌকা প্রতীকের ৩ প্রার্থী ও একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। অন্যদিকে চৌদ্দগ্রাম উপজেলায় বিনাভোটে নির্বাচিত হয়েছেন দুই নৌকার প্রার্থী।
এছাড়া কুমিল্লা সদর উপজেলায় চারজন ইউপি মেম্বার ও একজন সংরক্ষিত মহিলা মেম্বার এবং চৌদ্দগ্রামে ৪ জন ইউপি মেম্বার ও ৪ সংরক্ষিত মহিলা মেম্বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এসএস/টিআই




