
চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে হারলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর মামা সালাহ উদ্দিন আহমেদ।
রোববার (২৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে রাজৈর উপজেলা নির্বাচন কর্মকর্তা নাননী খান ফল ঘোষণা করেন। এর আগে একই দিন বিকেলে ইশিবপুর ইউনিয়নের গাংকান্দি সরকারি বিদ্যালয় কেন্দ্রে মামার ভোট দেখতে গিয়ে প্রতিপক্ষের হামলায় জখম হন গোলাম রাব্বানী। ছুরির আঘাতে ডান হাতের তিনটি আঙুল কেটে যায়।
মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে লড়েছেন তিনি। সেখানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আরেক স্বতন্ত্র প্রার্থী মোশারফ মোল্লা।
ফলাফল অনুযায়ী, মোশারফ মোল্লা পেয়েছেন ৩ হাজার ২৬২ ভোট, আর সালাউদ্দিন পান ২ হাজার ৫০৫ ভোট।
এ বিষয়ে গোলাম রাব্বানী বলেন, রোববার (২৬ ডিসেম্বর) প্রকাশ্যে ভোট দেওয়ার অভিযোগে ওই কেন্দ্রের বাহিরে আমি গেলে মোশারফ মোল্লার নির্দেশে তার ছেলে সোহেল মোল্লা আমার ওপর হামলা চালায়। এ সময় আমার কয়েকটি আঙ্গুল কেটে গেছে। আমি এ ঘটনার বিচার চাই। ফলাফলের বিষয়ে তিনি বলেন, আর হার-জিত থাকতেই পারে। এ বিষয়ে কিছু বলতে চাই না।
জয় পাওয়ার পর মোশারফ মোল্লা বলেন, গোলাম রাব্বানী তার সন্ত্রাসী বাহিনী নিয়ে ভোটকেন্দ্র দখল করতে গিয়েছিল। এ সময় সেখানকার উত্তেজিত জনতা তাদের ধাওয়া দেয়। সেখানে থেকে তারা একটি ঘরে আশ্রয় নিলে আমি ও আমার ছেলে গিয়ে তাকে উদ্ধার করি। আর জনগণ যে আমার সঙ্গে আছে। এ বিজয়ই তার প্রমাণ।
জিএম




