
পঞ্চম ধাপের ইউনিয়ন নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলায় এবার বাবা-ছেলে লড়াই করছেন।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার যশাই ইউনিয়নের সরেজমিনে গিয়ে এ তথ্য জানা যায়। ছেলে আবু হাসান আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হয়েছেন। আর দলের মনোনয়ন না পেয়ে ঘোড়া প্রতীকে বিদ্রোহী হয়েছেন বাবা আবদুল হাকিম খান।
দুই প্রার্থীরা হলেন, নৌকার প্রার্থী আবু হাসান পাংশা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বাবা আবদুল হাকিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও যশাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
বাবা-ছেলে ছাড়াও ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও চারজন। তারা হলেন বর্তমান চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, জাকের পার্টির প্রার্থী আল মামুন, স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জেল হোসেন ও শাজাহান মিয়া।
জানা গেছে, বাবা আবদুল হাকিম ২০১২ সালে চেয়ারম্যান নির্বাচত হয়েছিলেন। কিন্তু এ বছর মনোনয়ন না পাওয়ায় বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এখন কর্মী-সমর্থকদের নিয়ে প্রচার চালাচ্ছেন তিনি।
স্থানীয়রা জানান, বাবা ও ছেলে আওয়ামী লীগের নিবেদিত কর্মী। ভোটাররা কার দিকে যাবেন। কার সঙ্গে কাজ করবেন তা নিয়ে বিপাকে পড়েছেন তারা। তবে নির্বাচনে নৌকায় ভাসবে ছেলে আর ঘোড়া দৌড়াবে বাবা।
বাবা আবদুল হাকিম খান জানান, তাকে বঞ্চিত করে ছেলে আবুকে মনোনয়ন দেয়াটা অন্যায় হয়েছে। ইউনিয়নে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। মানুষ তার পক্ষে রয়েছে। তাই দল থেকে মনোনয়ন না পেয়ে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
তিনি জানান, নির্বাচনী পরিবেশ মোটেই ভালো নয়। তার কর্মীরা মাইক নিয়ে প্রচারণায় বের হলেই নৌকার সমর্থকরা ফিরিয়ে দিচ্ছে। প্রচারে বাধা দেওয়া হচ্ছে। সুষ্ঠু নির্বাচন হলে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন বলে দাবি তার।
নৌকা প্রার্থীর বিরুদ্ধে হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুর রহমানও।
তিনি জানান, গভীর রাতে নৌকার সমর্থকরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভয় দেখাচ্ছেন। এটি সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। বিষয়টি নির্বাচনী কর্মকর্তাকে মৌখিকভাবে জানিয়েছেন তিনি।
যশাই ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা প্রভাষ চন্দ্র সেন জানান, প্রচারণায় বাধার বিষয়ে এখনও কেউ অভিযোগ করেননি। এরপরও প্রার্থীরা যাতে নির্বিঘ্নে প্রচার চালাতে পারেন সেদিকে খেয়াল রাখা হবে।
উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি এই ইউনিয়নের পঞ্চম ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।
জিএম/এসকে




