
নওগাঁয় চতুর্থ ধাপে অনুষ্ঠিত মহাদেবপুর উপজেলার ভিমপুর ইউপি নির্বাচনে রসুলপুর ভোটকেন্দ্রে ফলাফলে কারচুপির অভিযোগে ওই কেন্দ্রে পুনঃনির্বাচনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।
বুধবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার ভিমপুর ইউনিয়নের রসুলপুর উচ্চবিদ্যালয়ের সামনে ৪নং ওয়ার্ড-বাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সংখ্যালঘু ও আদিবাসী অধ্যুষিত এলাকা রসুলপুর উচ্চবিদ্যালয় ভোট-কেন্দ্রের পাঁচ শতাধিক নারী ও পুরুষ ভোটার অংশ নেয়। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।
মানববন্ধনে ওই কেন্দ্রে কারচুপির মাধ্যমে চেয়ারম্যান ও ইউপি সদস্য পদে ফলাফল ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পুনরায় ভোটগ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে অসাধু প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা। মানববন্ধনে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আশরাফ আলী, আদিবাসী শ্রীমতি পরিমনা তৈ, সত্যেন্দ্রনাথ, জগেন্দ্রনাথ, রতন চন্দ্র তৈ, চিত্তরঞ্জন প্রমুখ বক্তব্য রাখেন।
জিএম/এসকে




