
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান গবেষণা কেন্দ্রের ভবনের গ্রিলের সঙ্গে আটকা পড়ে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ।এ সময় সাপটিকে উদ্ধার করে জঙ্গলে অবমুক্ত করা হয়।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে ওই ফটকের গ্রিলের সঙ্গে পেঁচিয়ে থাকতে দেখা যায় সাপটিকে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, বিশ্ববিদ্যালয়ে শীতকালীন বন্ধ চলছে। এ কারণে ক্যাম্পাসে তেমন একটা প্রাণচাঞ্চল্য নেই। এরমধ্যে একটি ১২ফুট লম্বা অজগর সাপ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান গবেষণা কেন্দ্রের মূল ফটকের গ্রিলের সঙ্গে পেঁচিয়ে থাকতে দেখা যায়।
তিনি আরও জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজের ভেনম রিসার্চ সেন্টারের শিক্ষানবিশ গবেষক রফিকুল ইসলামের সহায়তায় সাপটিকে উদ্ধার করা হয়। পরে সাপটিকে বিশ্ববিদ্যালয় এলাকার জীববিজ্ঞান অনুষদ সংলগ্ন গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের বন্যপ্রাণী শাখার মাস্টার্সের শিক্ষার্থী এবং ভেনম রিসার্চ সেন্টারের শিক্ষানবিশ গবেষক রফিক ইসলাম বলেন, ‘সাপটি বার্মিজ পাইথন প্রজাতির। রোদ পোহাতে কিংবা খাবারের সন্ধানে সাপটি লোকালয়ে চলে আসতে পারে বলে ধারণা করা যাচ্ছে। আমরা সাপটিকে বায়োলজি ফ্যাকাল্টির পাশে গভীর জঙ্গলে ছেড়ে দিয়েছি’।
জিএম/এসকো




