এবার অভিযান লঞ্চের আগুনে পুড়ল শাপলার স্বপ্ন। সাঁতার না জেনেও নদীতে ঝাঁপিয়ে পড়ে বেঁচে ফিরেছিলেন তিনি। তবে এ ফেরা যেন আরও বেদনাদায়ক। কারণ আগুনে পুড়ে গেছেন মা জাহানারা জয়নব। এখনোও নিখোঁজ খালা শারমিন আক্তার পান্না ও তার দুই সন্তান। তাই বেঁচে গিয়েও শাপলার চোখেমুখে অন্ধকারের ছাপ।
ঝালকাঠিতে লঞ্চে আগুনের ঘটনায় একের পর এক বের হয়ে আসছে মর্মস্পর্শী ঘটনা। হাফসার পর এখন বরগুনা সদর উপজেলার নিমতলীর শাপলা। বাবা অসুস্থতার কারণে কাজ করার সক্ষমতা হারিয়ে গ্রামের বাড়িতে চলে আসেন। সংসারেরও হাল ধরেছিলেন শাপলার মা জাহানারা। এসএসসি পাস করে ঢাকায় মায়ের সঙ্গে থেকে পড়াশুনা করতেন তিনি।
ঢাকা থেকে মা, খালা ও খালার ২ ছেলে মেয়েকে নিয়ে বরগুনা ফিরছিলেন কলেজ পড়ুয়া শাপলা। লঞ্চে আগুন লাগলে বাঁচার জন্য মরিয়া হয়ে উঠেন তিনি। পুড়ে মরার চেয়ে ডুবে মরবেন। এই চিন্তা করে শাপলা ঝাঁপিয়ে পড়লেন নদীতে।
শাপলা জানান, তিনি বেঁচে ফিরলেও তার স্বপ্নটুকু কেড়ে নিল আগুন। সংসারের একমাত্র উপার্জনকারী মা চলে গেছেন অনন্তলোকে। একমাত্র উপার্জনক্ষম মাকে হারিয়ে পরিবার এখন কীভাবে বাঁচবে তার উত্তর নেই কারও কাছেই।
জিএম/এসকে




