
বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইনমন্ত্রী তার নথিতে বলেছেন, আইনে বিদেশ পাঠানোর কোনো সুযোগ নেই। কাজেই আমরা এ বিষয়ে কিছু করতে পারছি না।
বুধবার (২৯ ডিসেম্বর) চট্টগ্রামের চান্দগাঁওয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ পালনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন ।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কক্সবাজারের ঘটনাটির মামলা রেকর্ড হয়েছে, এটি তদন্তাধীন। মামলার বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে পারি না। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম-৭ সংসদীয় এলাকা চান্দগাঁও, পূর্ব ষোলশহর, মোহরা, পাঁচলাইশ, পশ্চিম ষোলশহর ও আমিন শিল্পাঞ্চল আওয়ামী লীগের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
এসকে




