
পাবনার হেমায়েতপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় আওয়ামী লীগ নেতা হত্যায় মালেকা বেগম নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মঞ্জুরুল ইসলাম মধু পরাজয়ের পর সমর্থকদের নিয়ে চায়ের দোকানে আলোচনা করছিলেন। এ সময় দলের পরাজিত বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী তারিকুল ইসলাম নিলু তার লোকজন নিয়ে অতর্কিত হামলা চালায়। সে সময় মধুর নির্বাচনী এজেন্ট শামীম হোসেন গুলিবিদ্ধ হলে তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। শামীম স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তিনিও মেম্বার প্রার্থী ছিলেন। এ ঘটনার পর থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, নিহত শামীম হোসেনের বাবা নুর আলী বাদী হয়ে বুধবার রাতে তারিকুল ইসলাম নিলুসহ তার পরিবারের ১৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে মামলা করেন। এরপর নিলুর স্ত্রী মালেকা বেগমকে গ্রেপ্তার করা হয়।
বাকি আসামিদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে অভিযান চলছে বলেও জানান তিনি।
আরএ/এসকে




