
চুয়াডাঙ্গায় গাঁজা কিনতে গিয়ে জাল টাকাসহ রুমান হোসেন (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয়েছে ৯টি এক হাজার টাকার জাল নোট। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে।
আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
তিনি আরটিভি নিউজকে জানিয়েছেন, গতকাল বুধবার রাতে সদর উপজেলার হানুরবাড়াদী গ্রামের কাজীপাড়ায় গাঁজা কিনতে যায় পার্শ্ববর্তী ডিঙ্গেদহ গ্রামের রুমান। এ সময় হাসিবুলের চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রুমানকে হেফাজতে নেয় পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে ৯টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুমান জানিয়েছেন, জাল টাকাগুলো ডিঙ্গেদহ গ্রামের খাইরুল ইসলাম তাকে গাঁজা কেনার জন্য দিয়েছে। এর আগেও একাধিকবার সে খাইরুলের কাছ থেকে জাল টাকা নিয়ে গাঁজা কিনেছে।
ওসি জানান, আটক রুমান ও পলাতক খাইরুলের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে রুমানকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এমআই/টিআই




