
যশোর সদর হাসপাতালে তন্ময় মন্ডল (২৫) নামের এক ভারতফেরত করোনা রোগী ভর্তি হয়েছেন।
গত মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন হাসপাতালের রেড জোনে চিকিৎসাধীন রয়েছেন। তন্ময় খুলনার ডুমুরিয়া উপজেলার তালতলা গ্রামের অখিল মন্ডলের ছেলে।
তিনি আরটিভি নিউজকে বলেন, প্রায় তিন মাস আগে চিকিৎসার জন্য ও অন্যান্য কিছু কাজ নিয়ে আমি ভারতে যাই। ফেরার জন্য করোনা পরীক্ষা করি। গত সোমবার তার ফল আসে নেগেটিভ। তবে মঙ্গলবার ভারতের বর্ডার পার হওয়ার সময় আমার শরীরে তাপমাত্রা বেশি থাকায় আবার করোনা পরীক্ষা করাতে হয়। পরীক্ষার পর জানতে পারি আমি করোনা পজেটিভ। তবে আমার শরীরে কোনো ধরনের উপসর্গ নেই। এখন যশোর সদর হাসপাতালে ভর্তি আছি।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান আরটিভি নিউজকে জানিয়েছেন, তন্ময় নামের একজন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে রেড জোনে রাখা হয়েছে। চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা জেলা প্রশাসনকে জানানো হয়েছে। পুলিশ প্রশাসনকে বলে রেড জোন গেটে পুলিশ পাহারা বসানো হয়েছে।
এমআই/টিআই




