
এবারের এসএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এক হাজার ২৯২ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে শতভাগ কৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ৩১৬টি। এ বছর কোনো প্রতিষ্ঠানেই অকৃতকার্য শিক্ষার্থী নেই।
অর্থাৎ ময়মনসিংহ শিক্ষাবোর্ডে শতভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাস। এ বছর বোর্ডে পাসের হার ৯৭ দশমিক ৫২ শতাংশ।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, এ বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন এক লাখ ৩০ হাজার ৮৬৩ জন পরীক্ষায় অংশ নিলেও পাস করেছে এক লাখ ২৭ হাজার ৬১৮ শিক্ষার্থী। এদের মধ্যে ৬৪ হাজার ৭৫৩ জন ছাত্র ও ৬২ হাজার ৮৬৫ জন মেয়ে পাস করেছে। ছাত্রদের পাসের হার ৯৬ দশমিক ৮১ ও ছাত্রীদের পাসের হার ৯৮ দশমিক ২৭।
মো. সামছুল ইসলাম জানান, এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৯২ জন শিক্ষার্থী। এর মধ্যে পাঁচ হাজার ৭০৭ জন মেয়ে ও চার হাজার ৩৮৫ জন ছেলে রয়েছে।
ফলাফল বিবরণীতে দেখা যায়, বোর্ডে বিজ্ঞান শাখায় পাশের হার ৯৭ দশমিক ৯০ শতাংশ, মানবিক শাখা বিভাগে ৯৭ দশমিক ৮৮ শতাংশ ও ব্যবসায় শিক্ষায় ৯৩ দশমিক ৭০ শতাংশ।
বোর্ডের অধীনে চার জেলার মধ্যে নেত্রকোনায় ৯৮ দশমিক ৪৯ শতাংশ, জামালপুরে ৯৭ দশমিক ৪৩ শতাংশ, ময়মনসিংহে ৯৭ দশমিক ৩৩ শতাংশ ও শেরপুরে ৯৭ শতাংশ।
এমআই/টিআই




