
‘বিএনপির এখন আর কোনো রাজনীতি নাই, তাদের রাজনীতি হচ্ছে সরকারের সব উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করা’ এমন মন্তব্য করেছেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর ) দুপুর ১২টায় ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদ মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তার রত্নগর্ভা মা বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশন-এর উদ্যোগে সখিপুরের ৯টি ইউনিয়নে ১০ হাজার শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হবে।
এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকার এবং বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় মানবতার পাশে থাকে। বিএনপি নানা ধরনের ষড়যন্ত্র করে প্রধানমন্ত্রীকে নিয়ে। তাকে ১৯ বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। বিএনপির এখন আর রাজনীতি নাই। তাদের রাজনীতি হচ্ছে সব উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করা। আজকে সংলাপের উদ্যোগ নিচ্ছে সেখানেও তারা সব ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করছে সেটাকেও প্রশ্নবিদ্ধ করার জন্য যড়যন্ত্র করছে বিএনপি।
দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদের সামনে উপমন্ত্রীর রত্মগর্ভা মা ‘বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণকালে এসব কথা বলেন তিনি।
শীতবস্ত্র যাদের বিতরণ করছেন তাদের উদ্দেশ্যে উপমন্ত্রী শামীম বলেন, যারা আমার সামনে আছেন সবাই আমার আত্মীয়। আপনাদের বলব প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হবেন।
তিনি বলেন, ইউপি নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন, বা পরাজিত হয়েছেন কেউ কোন সংঘাতে জড়াবেন না। তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা জনগণ ও এলাকাবাসীর শান্তি চাই।
কম্বল পাওয়া সখিপুরের বাসিন্দা আমাতুন নেছা (৭৫), রাজ্জাক কাজী (৭০) বলেন, শীতে কষ্ট করছিলাম। উপমন্ত্রী শামীম আমাদের কম্বল দিয়েছেন। আল্লাহ তাকে ভালো রাখুক, দীর্ঘ হায়াত দান করুক।
এমআই/টিআই




