
‘টাকা দিলে নমিনেশন হয়, মন্ত্রিত্ব পাওয়া যায়’ নৌকা যারা করে সব রাজাকারের বাচ্চা, কুমিল্লার উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের এমন ফোনালাপ ফাঁস হওয়ার পর থেকে প্রতিবাদ ঝড়ে উত্তাল গোটা উত্তর জেলা।
এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকাল ৫টায় জেলার দেবিদ্বার নিউমার্কেট স্বাধীনতা চত্বরে ঝাড়ুমিছিল বের করে নারীরা। অভিযুক্ত রোশন আলী মাস্টারের ছবি নিয়ে এমন প্রতিবাদ করেন তারা। এ সময় রোশন আলীকে অবিলম্বে বহিষ্কারসহ আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
বিক্ষোভকারীরা আরটিভি নিউজকে বলেন, তিনি আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থেকে বিএনপি জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। বিএনপির সাথে তার আঁতাত রয়েছে, যার ফলে দলে বসে সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এই নেতা।
জানা যায়, দেবিদ্বার উপজেলার বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রুহুল আমীনের সঙ্গে ফোনালাপে কুমিল্লার উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার নিজ দলের গঠনতন্ত্র পরিপন্থি ও দলের মনোনয়ন নিয়ে নেতিবাচক মন্তব্যের একটি অডিও ক্লিপ ফাঁস হয়ে যায়।
ফাঁস হওয়া ওই অডিও ক্লিপে রোশন আলীকে বলতে শোনা গেছে, টাকা দিলে নমিনেশন হয়, মন্ত্রিত্ব পাওয়া যায়। রাজাকারের বাচ্চারা আওয়ামী লীগ করে। তিনি ওই বিএনপি নেতাকে বলেন, এভাবে একচেটিয়া একটি দেশ চলতে পারে না। আপনারা মাঠে নামুন, আন্দোলন সংগ্রাম করুন। আমি সুযোগ করে দেব।
তবে অভিযোগের বিষয়ে রোশন আলী মাস্টার বলেন, আমার খণ্ডিত বক্তব্য ভাইরাল করা হয়েছে। বাস্তবে আওয়ামী লীগ বিরোধী কোনো ষড়যন্ত্রের সঙ্গে আমি সম্পৃক্ত নই।
এমআই/টিআই




