
বগুড়ায় স্ত্রীকে হত্যার ১৬ বছর পর এক যুবককে যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত। এ সময় ২০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১১ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা দায়রা ও জজ হাবিবা মণ্ডল এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত কাহালুর বুদু মণ্ডল উপজেলার উলখার গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ভ্যানচালক।
জানা গেছে, ২০০১ সালে ভ্যানচালক বুদু মণ্ডলের সঙ্গে অফেলা খাতুনের বিয়ে হয়। ২০০৬ সালের ৬ ফেব্রুয়ারি বুদুর স্ত্রী অফেলা বেগমকে গলা টিপে হত্যা করে। এ ঘটনায় পরের দিন ৭ ফেব্রুয়ারি রাতে নিহতের বড়ভাই একই গ্রামের আমীর আলী কাহালু থানায় অজ্ঞাত আসামির নামে হত্যা মামলা করে। পরে তদন্তে হত্যার ঘটনায় বুদু মণ্ডলের সম্পৃক্ততা উঠে আসে। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নাছিমুল করিম হলি জানান, অভাব-অনটনের কারণে পারিবারিক কলহের জেরে বুদু তার স্ত্রীকে হত্যা করেন। ওই বছরের ৯ ফেব্রুয়ারি আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন বুদু মণ্ডল।




